Somoy TV
বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার এ কে স্কুলসংলগ্ন ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।মৃত হলেন: আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের জাহিদুল ইসলাম এবং চাওড়া ইউনিয়নের আবু জাফর।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে স্থানীয় ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে প্রথমে ট্যাংকের ভিতরে নামেন জাহিদুল। এরপরই ট্যাংকের ভিতরে অচেতন হয়ে পড়েন তিনি। এ সময় তাকে উদ্ধার করতে নামেন আবু জাফর। পরে তিনিও ট্যাংকের ভিতরে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।আরও পড়ুন: সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু, বাড়ির মালিক পলাতকএ বিষয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এরপর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, ট্যাংকের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।’এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ছাড়াও হাসপাতালে পুলিশ উপস্থিত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ দুটি ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান ওসি।
Go to News Site