Collector
শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ দেখতে চায় ছেলে জয়, জানালেন অপু বিশ্বাস | Collector
শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ দেখতে চায় ছেলে জয়, জানালেন অপু বিশ্বাস
Jagonews24

শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ দেখতে চায় ছেলে জয়, জানালেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছোটবেলা থেকেই বাবা-মায়ের তারকাখ্যাতির সঙ্গে পরিচিত জয়। তবে এবার বাবার নতুন সিনেমা ‘রকস্টার’কে ঘিরে ছেলের আগ্রহের কথাই জানালেন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়কে নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় ছেলের সিনেমা দেখার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, জয় বাবার সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ‘রকস্টার’ দেখতে চায়। হাসিমুখে অপু বিশ্বাস বলেন, ‘সে তো বাবার সঙ্গে সিনেমা দেখতে যেতে চায়। এখন বাবা রাজি কি না, সেটাই দেখার বিষয়!’ অপু আরও জানান, জয় ধীরে ধীরে বুঝতে শিখেছে তার বাবা-মা দুজনই অভিনয় জগতের মানুষ। সিনেমা ও শোবিজ অঙ্গনের কাজ সম্পর্কে তার আগ্রহও বাড়ছে। এর আগে শাকিব খানের বহুল আলোচিত ‘তুফান’ সিনেমা দেখতে জয় নিজ উদ্যোগেই প্রেক্ষাগৃহে গিয়েছিল বলে জানান তিনি। অপু বিশ্বাস বলেন, ‘তুফান সিনেমা সে নিজেই দেখতে গিয়েছিলো। এখন সে বুঝতে পারে, তার মাম্মা এবং পাপ্পা দুজনই কাজ করে। তাদের কাজ নিয়ে সে খুবই আগ্রহী। নতুন কোনো সিনেমা এলে জানতে চায়, খোঁজ নেয়।’ এদিকে সবচেয়ে বেশি হল পাওয়া শাকিব খান অভিনীত ‘রকস্টার’ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক দর্শক। কেউ কেউ এটিকে টেলিফিল্মের সঙ্গে তুলনাও করেছেন। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েকসহ অনেকে। মিউজিক্যাল ফিল্ম হিসেবে উপস্থাপন করা হলেও গানগুলো তেমন সাড়া ফেলতে পারেনি বলে দর্শকের অভিযোগ।   এমআই/এলআইএ

Go to News Site