Collector
হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে | Collector
হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে
Jagonews24

হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা নিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত জানিয়েছেন, রিটটি গ্রহণযোগ্য হয়নি—এই কারণ দেখিয়ে তা বাতিল করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ জুনই বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। এর আগে ৬ মে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান। সেই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে ১৮ মে রিটটি করা হয়। আরমানুল ইসলাম নয়নসহ মোট ছয়জন আবেদনকারী এ রিট করেন। তাদের দাবি ছিল, বিসিবির সাধারণ পরিষদের ২০২৫–২৯ মেয়াদের জন্য তাদের যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হলেও তা উপেক্ষা করা হয়েছে। ১৬ মে বিসিবির নির্বাচন পরিচালনার লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়। পরে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ১৯ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকায় রিটকারীদের নাম না থাকায় ২৪ মে তারা একটি সম্পূরক আবেদনও দাখিল করেন। শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, সঙ্গে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। পরে আইনজীবী জানান, আদালত রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করেছে, ফলে একই বিষয়ে অন্য কোনো বেঞ্চে নতুন করে উপস্থাপনের সুযোগও থাকছে না। এতে করে নির্ধারিত তারিখেই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকলো না। এই রিটে যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন জেলা প্রশাসক ও বিসিবির কর্মকর্তাদের বিবাদী করা হয়েছিল। এসকেডি/এমএমআর

Go to News Site