Jagonews24
নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম-সদস্য সচিব অনিক খান সিয়ামের বিরুদ্ধে সীমানা নিয়ে বিরোধের জেরে সরকারি সড়ক বন্ধসহ প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) রাতে সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি এলাকায় যুবশক্তির এই নেতা মানুষের চলাচলের সরকারি সড়ক টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন। বুধবার (৩ জুন) সকালে তার স্বজন তাইজুল ইসলাম এর প্রতিবাদ করায় অনিক খান ও তার সহযোগী তাইজুলের ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর ও লুটপাট চালান। ভুক্তভোগী তাইজুল ইসলামের বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে অনিক খানের পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। কিন্তু এখন সে আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। তাতে আমরা প্রতিবাদ করায় আমার ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর ও দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়। পরে আমরা ৯৯৯ ফোন দিই।’ অভিযুক্ত অনিক খান সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। নারায়ণগঞ্জ জেলা যুব শক্তির সাবেক আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, ‘বিষয়টি মনে হয় তার ব্যক্তিগত সমস্যা। এ ঘটনায় তিনি দোষী প্রমাণিত হলে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হলে আমাদের রাজনৈতিকভাবে আপত্তি থাকবে না।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মো. আকাশ/এসআর/এএসএম
Go to News Site