Collector
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব লেনদেন উন্মুক্ত করার সুপারিশ | Collector
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব লেনদেন উন্মুক্ত করার সুপারিশ
Jagonews24

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব লেনদেন উন্মুক্ত করার সুপারিশ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের লেনদেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। যেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেনের সুযোগ পান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ সুপারিশ করা হয়। চিঠিতে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ে এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমেও ফি জমা দিতে পারবেন। মাশুল আদায়ের প্রক্রিয়া শুধু একটি গেটওয়েতে সীমাবদ্ধ না রেখে সব লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত ১০টি পেমেন্ট সিস্টেমস অপারেটর এবং বেশ কিছু বেসরকারি ব্যাংক উন্নত পেমেন্ট গেটওয়ে সেবা দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের ‘এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ অনেক ক্ষেত্রে সরকারি গেটওয়ের তুলনায় অধিক আধুনিক ও সুবিধাজনক। একই সঙ্গে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সনাতন ‘ক্রস চেক’ পদ্ধতির বদলে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশসহ এ চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ও একটি নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব আয়ের উৎস যেমন- বেতন, ফি, অন্যান্য খরচ ও অনুদান সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) অথবা রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের নিয়ম করছে। এএএইচ/এমকেআর

Go to News Site