Jagonews24
কৃষকের মাঠে এখনো বোরো ধান। চলছে তাপপ্রবাহ। বৈরী আবহাওয়ায় সেই ধান ঘরে তুলতে গিয়ে তীব্র গরমে জামালপুরে তিনদিনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় গত তিন দিনে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। সবশেষ বুধবার (৩ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে মারা যান বালি বেগম। তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রারামাণিকের স্ত্রী। এর আগে মঙ্গলবার (২ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় মারা যান সানোয়ার। তিনি ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে। স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন সানোয়ার। তার আগে সোমবার (১ জুন) দুপুরে দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে মারা যান আসাদুল ইসলাম। তিনি ওই গ্রামের মো. মহল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নেন। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘বর্তমান আবহাওয়ায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষদের বেশি সতর্ক থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের সময় বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পান করতে হবে।’ তিনি আরও বলেন, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হৃদয় আহম্মেদ/এসআর/এএসএম
Go to News Site