Collector
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: বাসস চেয়ারম্যান | Collector
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: বাসস চেয়ারম্যান
Somoy TV

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: বাসস চেয়ারম্যান

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন। খুলনায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।বুধবার (৩ জুন) সকালে জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে একটি ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় 'হরিদাশকাটি স্বাধীনতা সংসদ' এই কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, ‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃক্ষ আমাদের অকৃত্রিম বান্ধব। এটি আমাদের ছায়া, মায়া, প্রশান্তি ও অক্সিজেন দেয়। বাস্তুতন্ত্রের মূল ভিত্তি স্থাপন করে। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। গবেষকরা বলছেন, ৫০ বছর বয়সী একটি বৃক্ষের অবদান আর্থিক মূল্যে প্রায় এক লাখ ৮৮ হাজার মার্কিন ডলার।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বহু প্রাণী, উদ্ভিদ ও অণুজীব হারিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়; এটি আমাদের টিকে থাকার নিরাপদ আশ্রয়। ইসলামেও বৃক্ষরোপণকে উত্তম ইবাদত বা সদকায়ে জারিয়া বলা হয়েছে।’ বিদেশি গাছের চেয়ে দেশি গাছের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি গ্রামে ও জনপদে দেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানে, খাসজমিতে ও বাড়ির আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো জরুরি। শুধু বিদেশি সৌন্দর্যবর্ধক গাছ নয়; দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশি মাছ, দেশি ধান, অচাষকৃত শাক ও জলজ প্রাণ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।’ আরও পড়ুন: পিরোজপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেক বাড়িতে বেশি বেশি পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানিয়ে আনোয়ার আলদীন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত থেকে বাঁচাতে পাঁচ কোটি বৃক্ষরোপণের যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন, তা বাস্তবায়িত হলে দেশের প্রকৃতি ও পরিবেশের চিত্র বদলে যাবে। তিনি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণগুলো সর্বান্তঃকরণে অনুধাবন করেই বিএনপির নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছিলেন, যা এখন বাস্তবায়িত হতে চলেছে।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসান বলেন, ‘আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ এবং সড়কের পাশ ও পতিত জমিতে গাছ লাগানো হবে। উপকূলীয় দক্ষিণাঞ্চলকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।’ সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুনসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Go to News Site