Somoy TV
কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় আহতদের মধ্যে চার বাংলাদেশি রয়েছেন। বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দূতাবাস খোঁজ-খবর রাখছেবিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে। দূতাবাস বলেছে, বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন এবং আরও কিছু সংখ্যক অন্যান্য দেশের নাগরিক আহত ও একজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত বাংলাদেশিদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আরও পড়ুন: কুয়েতে ইরানের হামলায় একজন নিহত এতে আরও বলা হয়, ‘এ অবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এসংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলি সোশাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’ হতাহতের প্রেক্ষাপটে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর নজরে আসার কথা তুলে ধরে রক্ত দিতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গমন করে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’
Go to News Site