Jagonews24
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির কার্যালয়, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গয়েশপুর বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এর জেরে পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আহমদের বাড়িতেও হামলা চালানো হয়। সুখেন অভিযোগ করেন, তার বাড়ির আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবি। স্থানীয়দের ভাষ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর একটি কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা বলে তারা মনে করছেন। গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হোসাইন সুলভ/এফএ/এমএস
Go to News Site