Jagonews24
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুশীলন শুরু করা ইংলিশ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশেষ প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যান্ড পরতে দেখা গেছে, যা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্র্যান্ডের একটি পণ্য। প্রায় ৩৪৯ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫৭ হাজার টাকার বেশি) মূল্যের এই ডিভাইসটি ২৪ ঘণ্টা খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর নজর রাখবে। এর মাধ্যমে কোচিং স্টাফ ও ফিটনেস বিশেষজ্ঞরা খেলোয়াড়দের ঘুমের মান, হৃদস্পন্দন, বিশ্রামের মাত্রা এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দলের অন্যতম বড় উদ্বেগ যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়া। দলটির বেস ক্যাম্প থাকবে কেনসাস সিটিতে, তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডালাস, বোস্টন এবং নিউ জার্সিতে। দিনের বেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করে ক্লান্তি, পানিশূন্যতা কিংবা অতিরিক্ত চাপের ঝুঁকি কমাতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের অন্যান্য প্রতিপক্ষ হলো ঘানা এবং পানামা। প্রযুক্তিনির্ভর এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপের কঠিন আবহাওয়া ও ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করতে চায় ইংলিশ শিবির। এমএমআর
Go to News Site