Jagonews24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে। জানা গেছে, ভিকটিমকে মারধরের পর হাসপাতালে নেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা ওই ব্যক্তির মরদেহ হাসপাতালে রেখে নিরাময় কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে সেখান থেকে পালিয়ে যান। নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, আমার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদের দ্বিতীয় দিন তাকে খাবার দিয়ে আসা হয়েছে। হঠাৎ গতকাল রাতে খবর পেয়ে হাসপাতালে পৌঁছে ফয়জুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনের কারণের ফয়জুলের মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মো.আকাশ/এনএইচআর/এমএস
Go to News Site