Collector
কথা কাটাকাটির জেরে জোড়া খুন, পরিকল্পিত হত্যার অভিযোগে নারী গ্রেফতার | Collector
কথা কাটাকাটির জেরে জোড়া খুন, পরিকল্পিত হত্যার অভিযোগে নারী গ্রেফতার
Somoy TV

কথা কাটাকাটির জেরে জোড়া খুন, পরিকল্পিত হত্যার অভিযোগে নারী গ্রেফতার

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই নারীর বাসায় গোপন বৈঠক করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল।বৃহস্পতিবার (৪ জুন) সকালে শহরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রশিদা (৩৬) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার হাকিম আলীর মেয়ে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘পাহাড়তলী এলাকায় দুই যুবক নিহতের ঘটনায় রশিদা নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ছুরিকাঘাতে নিহতের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার আগে রশিদার বাসায় গোপন বৈঠক করে এই হত্যার ছক কষা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ আরও পড়ুন: কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত এর আগে, গত মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে তিন যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় (২৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) সকালে আসিফ (২৭) নামের আরও এক যুবকের মৃত্যু হয়। তিনি কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা। তবে তার বাবার নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত অপর যুবক আশরাফুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা।

Go to News Site