Jagonews24
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বিজিবি। বুধবার (৩ জুন) রাতে নীলফামীরী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে বুধবার রাতভর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত মাইকিং করা হয়। এসময় স্থানীয় সীমান্তবাসী জনগণ সাধারণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয় স্থানীয়দের। বিজিবি জানায়, বুধবার রাত থেকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব কোম্পানি ও বিওপির এলাকায় পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালিত হচ্ছে। বিশেষ করে রাতে সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সব সীমান্ত অপরাধ বন্ধে বিশেষভাবে কাজ শুরু করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। সফিকুল আলম/এনএইচআর/এএসএম
Go to News Site