Somoy TV
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জিহানুল ইসলাম (২৩) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেলে করে ফেনীর দিকে যাচ্ছিলেন জিসান ও জিহানুল। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। আরও পড়ুন: ফেনীতে বাসের ধাক্কায় সহকারী প্রকৌশলী নিহত পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত জিহানুলকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, 'দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
Go to News Site