Jagonews24
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের মৃত জহিরের ছেলে সাহাবুদ্দিন (৪০)। শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নয়াহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আলমগীর ফরিদের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৪০০ পিস এবং সাহাবুদ্দিনের লুঙ্গির খোঁচা থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। এমআরএএইচ/এমকেআর
Go to News Site