Jagonews24
মেহেরপুরের গাংনীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আরিফ এবং আফরিন নামের এক শিশু। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওলিনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আরিফ মারা যান। দুর্ঘটনায় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিন নামের এক শিশুর মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আসিফ ইকবাল/এসআর/এএসএম
Go to News Site