Jagonews24
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিং করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের চরম অবহেলার পাশাপাশি হাসপাতালের পরিবেশগত ও প্রশাসনিক মারাত্মক ত্রুটি উঠে এসেছে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে রোববার এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত কমিটির সার্বিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনায় ৬ নবজাতকের মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলা স্পষ্ট প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে উঠে আসা মৃত্যুর মূল কারণসমূহ এসি বিকল ও অক্সিজেন স্বল্পতা: তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে দীর্ঘ সময় ধরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সচল ছিল না। এমনকি প্রয়োজনীয় এসির ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে তীব্র অক্সিজেন স্বল্পতা তৈরি হয়। যার ফলে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বিপজ্জনক মাত্রায় বেড়ে যায়। চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা: নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তা-বৃন্দ, কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তারা নিজেদের অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষ: হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ছোট ও বদ্ধ কক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। অতিরিক্ত জনসংখ্যার উপস্থিতির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, নবজাতকদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত প্রতিবেদনে যাদের অবহেলার প্রমাণ মিলেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসইউজে/এমআইএইচএস
Go to News Site