Collector
বিশ্বকাপের আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ | Collector
বিশ্বকাপের আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
Somoy TV

বিশ্বকাপের আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি। তবে ফুটবল উৎসবের প্রস্তুতির মধ্যেই আন্দোলন ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। শিক্ষকদের চলমান আন্দোলন বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।বুধবার (৩ জুন) বিক্ষোভকারী শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় তারা ল্যাম্পপোস্ট ব্যবহার করে সরকারি ভবনের দরজা ও স্থাপনায় হামলা করেন। এর একদিন আগে, কট্টরপন্থী শিক্ষক সংগঠন সিএনটিই-এর সদস্যরা বিশ্বকাপ উপলক্ষে স্থাপন করা কয়েকজন ফুটবলারের বিশাল প্লাস্টিকের মূর্তি ভেঙে ফেলেন। পরে মূর্তিগুলোর জার্সি খুলে আগুন ধরিয়ে দেন তারা।বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনার কারণে আয়োজকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদেশি দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম বলেছেন, সরকার কোনো ধরনের দমনমূলক পদক্ষেপ নেবে না। তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা হবে।আরও পড়ুন: বিশ্বকাপ নিরাপত্তায় রোবোডগ থেকে ব্ল্যাক হক, চমক দেখাচ্ছে মেক্সিকোর শহরটিশিক্ষকদের দাবি, তাদের বেতন বৃদ্ধি ও পেনশন সংস্কার বিষয়ে সরকারের সঙ্গে কার্যকর আলোচনা করতে হবে। সরকার ৯ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, বেতন ১০০ শতাংশ বাড়াতে হবে।দাবি পূরণ না হলে আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সিএনটিই।

Go to News Site