Somoy TV
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তার মাদকাসক্ত ছেলেকে গুলি করে হত্যা করেছেন। গত বুধবার (৩ জুন) মাদক সেবন সংক্রান্ত বিরোধের এক পর্যায়ে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।৫২ বছর বয়সি সাবেক পুলিশ কর্মকর্তা ফারুক কায়হানের ২৩ বছর বয়সি ছেলে আহমেত কায়হান মাদকাসক্ত হয়ে পড়েন। খবরে বলা হয়, মাদকাসক্তির সঙ্গে লড়াই করা ছেলে বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চেয়েছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাবা টাকা দিতে অস্বীকার করলে ছেলে একটি বড় দা (ক্লিভার) বের করে তাকে হত্যার হুমকি দেয়। এরপর অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা তার পিস্তল বের করে ছেলের ওপর একাধিক গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ছেলে। স্থানীয় খবরে বলা হয়, গুলি চালানোর পর বাবা ছেলের মরদেহের পাশে বসে ছিলেন এবং নিজেই পুলিশকে ফোন করেন। পুলিশ এসে বাবাকে গ্রেফতার করে। এই ঘটনায় তুরস্কে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
Go to News Site