Jagonews24
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের বাবা, মা ও দাদি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেনের সন্তান ইজাজ (৪ মাস) ও ইহান (৪ বছর)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী আমবাহী পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকিব হোসেনের সন্তান ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আকিব, তার স্ত্রী এ্যানী ও অপর সন্তান ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
Go to News Site