Collector
তুষির হাতে বিশ্বকাপ, চাইছেন নেইমার, ভাইরাল ‘রইদ’-এর পোস্টার | Collector
তুষির হাতে বিশ্বকাপ, চাইছেন নেইমার, ভাইরাল ‘রইদ’-এর পোস্টার
Jagonews24

তুষির হাতে বিশ্বকাপ, চাইছেন নেইমার, ভাইরাল ‘রইদ’-এর পোস্টার

মুক্তির আগেই আলোচনায় ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। পোস্টার প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়ানো ছবিটি মুক্তির পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমানভাবে আলোচনায় রয়েছে। এবার সিনেমাটির পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন এক মজার ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের সৃজনশীলতায় ‘রইদ’-এর পোস্টারকে নতুনভাবে উপস্থাপন করছেন। মূল পোস্টারে থাকা তালের পরিবর্তে কেউ যোগ করছেন পিৎজা, কেউ কলা, আবার কেউ প্রচণ্ড গরমের প্রসঙ্গ তুলে বসিয়ে দিচ্ছেন বরফের ছবি। এসব সম্পাদিত পোস্টার ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। বিশ্বকাপ ফুটবল ঘিরে তৈরি হওয়া উন্মাদনাও জায়গা করে নিয়েছে এই ট্রেন্ডে। ভাইরাল হওয়া একটি পোস্টারে দেখা যায়, নাজিফা তুষির গায়ে আর্জেন্টিনা দলের জার্সি। তার হাতে ধরা বিশ্বকাপ ট্রফি। অন্যদিকে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের জায়গায় বসানো হয়েছে ব্রাজিল তারকা নেইমারকে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি যেন তুষির দিকে হাত বাড়িয়ে বিশ্বকাপ ট্রফিটি চাইছেন। মজার এই সম্পাদিত পোস্টারটি নজর এড়ায়নি তুষিরও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে তিনি রসিকতা করে লেখেন, ‘কিন্তু আমি তো ব্রাজিল, আমাকে কেন আর্জেন্টিনা দিলেন...’ শুধু এই পোস্টারই নয়, ভক্তদের তৈরি আরও কয়েকটি সংস্করণও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিজের সিনেমার পোস্টার নিয়ে এমন উন্মাদনা দেখতে ভালো লাগছে। সমসাময়িক নানা বিষয় উঠে আসছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।’ ‌‘রইদ’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক সাধু এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।   এলআইএ

Go to News Site