Somoy TV
বর্তমান সরকার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতিস্বীকার করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, গত তিন মাসেই সরকার যে গণবিরোধী অবস্থান নিয়েছে, তাতে আগামী দিনে তাদের পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। আরও পড়ুন: জ্বালানি-বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর বাড়তি বোঝা: জামায়াত আমিরসমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রশাসনের দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে না পারলেও জনগণের ওপর অতিরিক্ত দামের চাপ বাড়িয়ে অর্থনীতি রক্ষার চেষ্টা করছে সরকার। তারা জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না।’জামায়াত নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনজীবন স্বস্তিদায়ক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দেশের অর্থনৈতিক খাতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনে ঢালাও দলীয়করণের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলেও তারা দাবি করেন।সমাবেশ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। রাজধানী ঢাকা ছাড়াও আজ চট্টগ্রাম, রংপুর, সিলেটসহ দেশের সবকটি বিভাগীয় ও জেলা শহরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
Go to News Site