Somoy TV
হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখ এসিডে ঝলসে দিয়েছেন সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাসিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় রুবিনার। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হলে ৬ মাস আগে উজ্জলকে তালাক দেন রুবিনা। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। এরপরও উজ্জল তার পিছু ছাড়েননি। বিভিন্ন সময়ে রাস্তাঘাটে আসা যাওয়ার পথে এবং তার কর্মস্থলে গিয়েও উত্যক্ত করতেন উজ্জল। বৃহস্পতিবার রাতে রুবিনা অফিসে কাজ শেষে বাড়ি আসার পথে বহুলায় বাড়ির পাশে পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করেন। রুবিনার চিৎকারে লোকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাসিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। আরও পড়ুন: ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের অভিযোগ হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উজ্জলকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
Go to News Site