Collector
৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারির শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ | Collector
৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারির শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
Jagonews24

৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারির শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির শ্রমিক-কর্মচারীরা। আন্দোলনের অষ্টম দিনে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী অংশ নেন। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পারসোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবিতে এ আন্দোলন চলছে বলে জানান নেতারা। সমাবেশে সিবিএ নেতারা বলেন, পূর্বের নিয়ম অনুসারে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা দ্রুত সম্পাদন করতে হবে। একই সঙ্গে ২০০৩ সালের চুক্তি অনুযায়ী পার্সোনাল পে কার্যকর, শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত এবং পদোন্নতি নীতিমালার সংস্কার জরুরি। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্য নেতারা। মো. আব্দুর রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে বারবার জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারির একটি স্মারকের কারণে ২০২৩-২৪ সালের দাবিনামার ভিত্তিতে সম্পাদনযোগ্য চুক্তিনামা বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ২১০ ধারা অনুযায়ী শ্রমিকদের আর্থিক সুযোগ-সুবিধা যৌথ দরকষাকষির মাধ্যমে নির্ধারণ করা উচিত। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই শিল্পবিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে শ্রম আইন অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এমআরএএইচ/ইএ

Go to News Site