Jagonews24
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিবুল হাসান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাকিবুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর প্রশিক্ষণকালীন সময়ে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চাকরিচ্যুত হয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে পরিবারের তত্ত্বাবধানে ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা রতন মিয়া জানান, প্রায় তিন থেকে চার মাস আগে সাকিবুল সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। প্রশিক্ষণরত অবস্থায় তার মানসিক ভারসাম্যের সমস্যা দেখা দিলে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে এলাকাবাসী জানতেন। গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম
Go to News Site