Jagonews24
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম নিয়োগ পরীক্ষায় ভাইভা-প্রত্যাশী শিক্ষকরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংগঠনের প্রধান সমন্বয়ক ও সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। উৎপাদনমুখী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ, সৎ, মেধাবী এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রশাসক তৈরির বিকল্প নেই। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহ-প্রধান নিয়োগ কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএর মাধ্যমে গ্রহণের সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অবসান ঘটানোর সুযোগ সৃষ্টি হয়েছে, যা শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি ছিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ এপ্রিল এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহ-প্রধান পদে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় প্রায় ৫৩ হাজার প্রার্থী অংশ নেন। এর মধ্যে ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ২২ এপ্রিল। তারা জানান, বিশেষজ্ঞ প্যানেলের প্রণীত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত করা হয় এবং উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফলে পুরো লিখিত পরীক্ষা প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও ত্রুটিমুক্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অভিযোগ, ফল প্রকাশের দীর্ঘ সময় পার হলেও এখনো মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু হয়নি। এতে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধান ও সহ-প্রধান পদপ্রত্যাশীদের দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে ভাইভা দ্রুত আয়োজন করা জরুরি। এসএম/একিউএফ
Go to News Site