Collector
সব যাত্রী আগেই নেমে যাওয়ায় কোনো প্রাণহানি হয়নি: মন্ত্রণালয় | Collector
সব যাত্রী আগেই নেমে যাওয়ায় কোনো প্রাণহানি হয়নি: মন্ত্রণালয়
Jagonews24

সব যাত্রী আগেই নেমে যাওয়ায় কোনো প্রাণহানি হয়নি: মন্ত্রণালয়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। শুক্রবার (৫ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটে ফেরি কবরীতে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র‍্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। যাত্রী নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়ার ফলে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসের চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুনদৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ফের যাত্রীবাহী বাস পদ্মা নদীতে এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পড়ে যাওয়া বাসটির উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ও নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফেরিঘাটে দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তা-সংক্রান্ত বিধান যেমন- ফেরিতে ওঠার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা, সব যাত্রী নামানো, যাত্রীদের জন্য নির্ধারিত পথ দিয়ে ফেরিতে ওঠা ইত্যাদি অনুসরণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়। আরএমএম/একিউএফ

Go to News Site