Collector
শরিয়তপুরে ব্রাজিল ফান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা | Collector
শরিয়তপুরে ব্রাজিল ফান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা
Jagonews24

শরিয়তপুরে ব্রাজিল ফান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল শুধু একটি খেলা নয়, অনেকের কাছে এটি আবেগ, ভালোবাসা আর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এক অদৃশ্য বন্ধনের নাম। শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রায় সেই দৃশ্যই যেন নতুন করে ধরা পড়েছে। শতাধিক মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিলে অংশ নিয়েছেন শত শত সমর্থক। সেখানে ছিলেন বাবারা, সঙ্গে তাদের ছোট্ট ছেলে-মেয়েরাও। কেউ সন্তানকে কাঁধে তুলে, কেউ আবার মোটরসাইকেলের সামনে বসিয়ে শামিল হয়েছেন ব্রাজিলপ্রেমের এ উৎসবে। শুক্রবার (৫ জুন) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত মোটরসাইকেল এবং ট্রাক বহর নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আয়োজকরা জানান, ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। ব্রাজিল সমর্থকদের এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ দেয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিল সমর্থক পিতা-পুত্র ও পিতা-কন্যাদের একসঙ্গে অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই ব্রাজিলের জার্সি পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। ব্রাজিলের আনন্দ শোভাযাত্রায় শিশুপুত্র আজানকে সঙ্গে এনেছেন এস এম শাকিল নামের এক বাসিন্দা। তিনি বলেন, ছোটবেলায় ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখেছি। সেই থেকে আমি ব্রাজিলের সাপোর্টার। আজ ব্রাজিলের মহড়ায় ছেলেকে নিয়ে এসেছি। জানি না ও বড় হয়ে ব্রাজিলের সাপোর্টার হবে কি না? তবে এখন পর্যন্ত ও আমার দলেই আছে। কন্যা ফাতেমা শখ ও ছেলে স্বাধীনকে নিয়ে বিএম ইস্রাফিল এসেছেন শোভাযাত্রায়। তার পরিবারের ৫ সদস্যর মধ্যে স্ত্রী মুন ও বড় ছেলে সকাল আর্জেন্টিনার সাপোর্টার। অন্যরা ব্রাজিলের সমর্থক। শোভযাত্রায় অংশ নিতে পেরে মেয়ে শখ দারুন উচ্ছ্বসিত। বিএম ইস্রাফিল বলেন, আমার স্ত্রী ও বড় ছেলে আর্জেন্টাইন সাপোর্টার। আমি এবং ছোট এবং মেয়ে ব্রাজিলের সমর্থক। ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। আমার ফুটবলের প্রতি যে অগাধ ভালোবাসা সেটা ছেলেমেয়েরা মূল্যায়ন করে। আজ ওদের সঙ্গে নিয়ে মহড়ায় এসেছি। দারুণ সময় উপভোগ করলাম। ব্রাজিল ফান ক্লাবের সমর্থক ও শোভযাত্রার আয়োজক সালাউদ্দিন মুন্না বলেন, প্রতিবারের মতো এবারও আমরা ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করেছি। এ জেলাসহ পার্শ্ববর্তী জেলার ব্রাজিল ভক্তরা কয়েকশত মোটরসাইকেল ও ট্রাক নিয়ে আনন্দের শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমরা খুবই আনন্দিত। এবার যেহেতু ব্রাজিল দলে নেইমার ফিরেছে এবার বিশ্বকাপ জিতে নেবো। বিধান মজুমদার অনি/এএইচ/এএসএম

Go to News Site