Collector
চট্টগ্রামে নির্মিত হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী | Collector
চট্টগ্রামে নির্মিত হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
Jagonews24

চট্টগ্রামে নির্মিত হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, খেলাধুলার অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বিস্তারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দেওয়া, নতুন প্রজন্মকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, জাতীয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। আগামী জুনের পর আরও ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনা হবে। আমিনুল হক বলেন, ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েরা সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন প্রতিভা উঠে আসছে। বিকেএসপির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিকেএসপি কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এতে খেলোয়াড়দের পড়াশোনা ও প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব সরকার বহন করবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের সুযোগ বাড়াতে সরকার ক্রীড়া কূটনীতির ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী নগরের শহীদ শাহাজাহান মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করেন। এমআরএএইচ/এমকেআর

Go to News Site