Jagonews24
পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুল গনি শিকদার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী সকালে বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল কুড়াতে গেলে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে নিজের ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে আব্দুল গনি শিকদারকে আটক করে পুলিশ/ছবি: জাগো নিউজ ভুক্তভোগীর মা জানান, সকালে তার মেয়ে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাহিরে বের হয়। তাদের বাসার কাছেই বলেশ্বর নদী। সে সেখানে ফুল কুড়াতে যায়। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে সেখানে গেলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয়। তখন বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মো. তরিকুল ইসলাম/এমকেআর
Go to News Site