Somoy TV
নেত্রকোনার কলমাকান্দায় বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ূন আহমেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্তের চন্দ্রডিঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলে করে হুমায়ূনসহ মোট ছয় বন্ধু কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে ঘুরতে আসেন। দুপুর পর্যন্ত তারা চন্দ্রডিঙ্গা এলাকা ঘুরে বেড়ান। এরপর ফেরার পথে পাহাড়ের সীমান্ত পার হয়ে মূল সড়কে ওঠার আগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান হুমায়ূন। এ সময় পেছনে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: শিশুদের খেলা নিয়ে মা’দের ঝগড়া, পরে বাবাদের মারামারিতে নিহত ১ নিহত হুমায়ূনের বন্ধু আবু সাঈদ সোহান বলেন, ‘নালিতাবাড়ীতে হুমায়ূন ছোটখাটো ব্যবসা করত। শুক্রবার আমরা ছয় বন্ধু মিলে চন্দ্রডিঙ্গা এলাকায় পাহাড়ে ঘুরতে এসেছিলাম। ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে।’ তিনি আরও জানান, নালিতাবাড়ী থেকে হুমায়ূনের পরিবারের সদস্যরা কলমাকান্দায় আসছেন। তারা এলেই মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার জানান, প্রাথমিকভাবে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ূন আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। নিহতের মরদেহ থানায় রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Go to News Site