Jagonews24
যুক্তরাষ্ট্র গত ১৭ মাসে ৪ হাজার ৬০০–এর বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৩ হাজার ৫৬৭ জনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ভারত সরকার জানিয়েছে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা যাচাই করা বাধ্যতামূলক। পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর ভারতীয় পার্লামেন্টকে জানায়, এটি শুধু ভারতের নীতি নয়; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি স্বীকৃত নীতি। মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করা অথবা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এমএসএম
Go to News Site