Jagonews24
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। এ সরকার শুধু জুলাই গণ-অভ্যুত্থানের আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা-না, সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ-পুনর্মিলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রাইসিস মুহূর্তে তারা (বিএনপি) সবসময় বাজে পারফর্ম করে। তারা বলেছিল, বিদ্যুতের দাম বাড়বে না। দুই বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক দুই মাসের মধ্যেই দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জ, তা প্রত্যেক নাগরিককে ভোগ করতে হবে। কারণ সাধারণ জনগণের আয়-রোজগার বাড়ে নাই, কিন্তু খরচ বেড়ে যাবে। গ্যাসের দাম ১২-১৩শ থেকে এখন ১৯শ টাকার কাছাকাছি। প্রায় ৫০ ভাগ গ্যাসের দাম বেড়েছে। গত শেখ হাসিনার আমলে ১৭ বছরে যা বেড়েছিল, গত তিন মাসে তারা ততটুকু বাড়াতে সক্ষম হয়েছে। এনসিপির এই মুখপাত্র সরকারের সমালোচনা করে আরও বলেন, বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতাসহ সবকিছু মিলিয়ে ইতোমধ্যে অজনপ্রিয় সরকারের পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বারবারই বলা হতো নির্বাচনের পরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আসিফ বলেন, ধর্ষণ, চুরি-ছিনতাই, রাহাজানি, শাহবাগের আন্দোলন এবং মব কালচারসহ সকল সমস্যা সমাধানের ক্ষেত্রেও বলা হয়েছে নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। দেশে নির্বাচিত সরকার আসলো কিন্তু আমরা এসব কিছুর পরিবর্তন দেখছি না, বরং আরও সব কিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মফজাস্টিস বেড়ে গেছে। গত এক মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশে করে আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথমদিন তিনি বলেছিলেন- মব বন্ধ বরে দেবেন। কিন্তু আমরা এখন মব বাড়তে দেখছি। বেশির ভাগ ক্ষেত্রেই সরকার দলীয় লোকের সম্পৃক্ততা দেখছি। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সদস্য ফারজানা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন দল থেকে আসা প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এমএস
Go to News Site