Collector
বিয়ের দিনই ইসরাইলি বোমায় প্রাণ গেল ফিলিস্তিনি যুবকের | Collector
বিয়ের দিনই ইসরাইলি বোমায় প্রাণ গেল ফিলিস্তিনি যুবকের
Somoy TV

বিয়ের দিনই ইসরাইলি বোমায় প্রাণ গেল ফিলিস্তিনি যুবকের

ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে নিরীহ ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যাও বাড়ছে।শনিবার (৬ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুহানাদ ওসমান ফারাওনা। আল জাজিরাকে সূত্র জানায়, আজই তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজন নতুন করে, একজন আগের আঘাতে মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: লেবাননের সেনাবাহিনীর জেনারেলসহ ৩ জনকে হত্যা করল ইসরাইল গত বছরের ১১ অক্টোবর ওয়াশিংটনের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে ‘যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৯৫১ জন ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছে। এই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার ইসরাইলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে সাত মাসের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা-বাবার আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটি তার মা-বাবার সঙ্গে একটি গাড়িতে ছিল। হেবরন শহরের কাছে তাদের গাড়ি লক্ষ্য করে এক ইসরাইলি সেনা গুলি চালায়। এতে শিশুটি নিহত হয় এবং তার বাবা-মা আহত হন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথে বড় বাধা নেতানিয়াহু: দ্য গার্ডিয়ান শিশুটির দাদি ফিরইয়াল আবু হাইকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি গুলি এসে আঘাত করলে শিশুটির মৃত্যু হয়। তিনি বলেন, ‘ঘটনাটি অবিশ্বাস্য; কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা নিজেদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি, শুধু এ কারণেই আমাদের ভুগতে হচ্ছে।’ ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সেনারা ভেবেছিল, একটি গাড়ি তাদের দিকে দ্রুত গতিতে আসছে। এরপর এক সেনা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আইডিএফ স্বীকার করেছে যে, গাড়িতে থাকা ব্যক্তিরা বেসামরিক ছিলেন। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স

Go to News Site