Collector
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি, বদলি জয়সওয়াল | Collector
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি, বদলি জয়সওয়াল
Somoy TV

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি, বদলি জয়সওয়াল

সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনাল ম্যাচে চোটে পড়েছেন বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ের ওই চোটে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার। তার বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল।আজ (৬ জুন) মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোহলির ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেন দলটির প্রধান নির্বাচক অজিত আগারকার। তিনি জানান, আফগানিস্তান সিরিজ খেলতে না পারলেও ১৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলির ফেরার সম্ভাবনা রয়েছে। তবে বিসিসিআইয়ের ফিজিওর কাছ থেকে এখনও চূড়ান্ত কোনো সময়সীমা পাওয়া যায়নি বলেও জানান তিনি। আগারকার বলেন, 'কোহলির চোটের এক সপ্তাহও পার হয়নি। আমরা এখনও ফেরার সময়টা জানি না। তবে মনে হচ্ছে ও ইংল্যান্ড সিরিজের মধ্যে ফিট হয়ে উঠতে পারে। তবে এটা চূড়ান্ত নয়। ফিজিওর কাছ থেকে আমি এখনও স্পষ্ট কোনো রিপোর্ট পাইনি।' ক্যারিয়ারের সায়াহ্নে এসে ফর্মের চূড়ায় আছেন কোহলি। ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। ভারতের হয়ে এখন শুধু ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। দেশের জার্সিতে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন কোহলি। ওই সিরিজে ভারত ২-১ ব্যবধানে হারলেও কোহলি ৩ ম্যাচে ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেছিলেন কোহলি। আরও পড়ুন: সূর্যকুমারকে সরিয়ে ভারতের অধিনায়ক আইয়ার, ১৫ বছর বয়সে দলে সূর্যবংশী সর্বশেষ আইপিএলেও দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। টুর্নামেন্টে ৫৬.২৫ গড় এবং ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করে বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন তিনি। অন্যদিকে, কোহলির বিকল্প হিসেবে দলে আসা যশস্বী জয়সওয়াল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত মাত্র ৪টি ওয়ানডে খেলেছেন। তবে নিজের শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলার সুখস্মৃতি আছে তার। আগামী ১৩ জুন ধর্মশালায় প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে ভারত-আফগানিস্তান সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ জুন এবং ২০ জুন। এই সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করা হবে।

Go to News Site