Collector
হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন | Collector
হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন
Somoy TV

হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর কাউন্টডাউন শুরু হতেই কক্সবাজারে তুঙ্গে উঠেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা। একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেই এবার পুরো শহর ও সমুদ্রসৈকত ছেয়ে গেল ব্রাজিলের হলুদ রঙে।শনিবার (৬ জুন) বিকেলে প্রিয় দলের জার্সি পরে, হাতে ভুভুজেলা আর ১০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে নেচে-গেয়ে শহর প্রদক্ষিণ করেন হাজারো সমর্থক। ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে মুখরিত সৈকত যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে।প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে হলুদ-সবুজ জার্সিতে সেজে সমর্থকেরা মেতে ওঠেন আনন্দ-উৎসবে। ছোট-বড় সব বয়সী ভক্তদের উপস্থিতি উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। শুধু তরুণরাই নয়, শিশুদের মাঝেও ছিল ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণ।মেয়েক নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক ইব্রাহিম জানান, ছোটবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছেন এবং সেই ভালোবাসা নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিতে চান। তার প্রত্যাশা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপ জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।আরেক সমর্থক গুরা মিয়া বলেন, 'কক্সবাজার থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনে এখানকার ভক্তরা সবসময় ঐক্যবদ্ধ।' ফুটবল মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি ছড়ায় উল্লেখ করে খেলাধুলার এই উৎসবের মাধ্যমে সবাইকে মাদকসহ সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।ব্রাজিল সমর্থক ছৈয়দ আলমের মতে, ব্রাজিল ফুটবল মানেই নান্দনিক ও ক্লাসিক ফুটবল। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান দলটি এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তার বিশ্বাস, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জিতে হেক্সা মিশন পূরণ করবে।বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে জড়ো হওয়া শত শত ব্রাজিল সমর্থকের হলুদ জার্সি, পতাকা ও রঙিন ধোঁয়ার উচ্ছ্বাস পর্যটক ও স্থানীয়দেরও আকৃষ্ট করেছে। সমর্থকদের বিশ্বাস, নান্দনিক ও শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে।পরিবারের তিন প্রজন্ম ধরে ব্রাজিলের সমর্থক বোরহান উদ্দিন জানান, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই তাদের এই আয়োজন। ব্রাজিল ফুটবল মানেই শৈল্পিকতা ও সাম্বার ছন্দ, আর সেই ঐতিহ্য এবারও মাঠে দেখা যাবে। এমন শোভাযাত্রা ও মিলনমেলা কক্সবাজারের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।আরও পড়ুন: কক্সবাজারে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোডাউনবিশ্বকাপের এখনও কিছু সময় বাকি থাকলেও ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা একটুও কমেনি বলে জানান সমর্থকেরা। রাইয়ান আহমেদ নামের এক সমর্থক বলেন, ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার গৌরব রয়েছে এবং সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দলটি চ্যাম্পিয়ন হবে।কক্সবাজার ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক কানন বড়ুয়া বলেন, 'ফিফা বিশ্বকাপ ২০২৬-কে স্বাগত জানাতেই ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অসংখ্য ভক্ত আজ কক্সবাজারে একত্রিত হয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। শহর প্রদক্ষিণ শেষে সমুদ্রসৈকতে এসে শোভাযাত্রার সমাপ্তি হয়।'তিনি আশা প্রকাশ করে বলেন, ব্রাজিল তাদের চিরচেনা নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে এবং ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।

Go to News Site