Jagonews24
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরী। শনিবার (৬ জুন) নগরীর আন্দরকিল্লা জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল অডিটোরিয়ামে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন আজও বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তার আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কার, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনগণমুখী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে প্রস্তাবিত উন্নয়ন ভাবনা দেশের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার; এ খাতকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের সিএমও ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুব প্রধান সিরাজুল করিম হিরো, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার ও মাহদী হাসানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এমডিআইএইচ/এমকেআর
Go to News Site