Jagonews24
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির অধীন ১১৮ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থানরত ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। শনিবার (৬ জুন) ময়মনসিংহ ৩৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি সূত্র জানায়, ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ছয়জনকে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে এসে মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য রাখে। পরে কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে বিএসএফ। তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাধা দেয় বিজিবি। এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মো. নাঈম ইসলাম/এমকেআর
Go to News Site