Somoy TV
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় রোববার (৭ জুন) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। মাদক বিক্রি হয় খুপরিতে, টাকা যায় ‘বড় ভাইদের’ পকেটে - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রূপসা নদীর তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে জায়গাটিকে প্রথমে আর দশটা ব্যস্ত ঘাট এলাকার মতোই মনে হয়। নদীর পাশে তরুণ-তরুণীদের ভিড়, ফুটপাতে খাবারের দোকান, চায়ের আড্ডা, নদীর বাতাস আর শহরের কোলাহল। কিন্তু সন্ধ্যা নামতেই দৃশ্য পাল্টাতে থাকে। নদীর ধারে উঠতি বয়সী অনেকে জড়ো হয়। কোথাও কোথাও গাঁজা সেবন চলে প্রায় প্রকাশ্যেই। মূল সড়কের পশ্চিম দিকের খুপরিগুলো থেকে কেউ কেউ বের হয়ে রেলস্টেশনের দিকে চলে যায়। স্থানীয়দের ভাষ্য, এসব ঘর ও আশপাশের দোকানে ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রি ও হাতবদল হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একই এলাকায় ঘুরে একই ধরনের দৃশ্য দেখা যায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়ে না। এখানে মাদক বিক্রি বা সেবন চলে অনেকটা প্রকাশ্যেই।ডিসিদের নির্লিপ্ততায় বাড়ছে না করের পরিধি - দৈনিক বণিকবার্তার প্রধান খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, জেলা পর্যায়ে রাজস্ব দপ্তরের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) ওপর ন্যস্ত। তবে কর আহরণের পরিধি বা করজাল সম্প্রসারণে তাদের কার্যকর সম্পৃক্ততা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। ফলে রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যাশিত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদিও কর নির্ধারণ, আদায় ও প্রশাসনিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর), তবুও মাঠ প্রশাসনের সক্ষমতা যথাযথভাবে ব্যবহার করা গেলে করজাল বহু গুণ সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ব্যবসা-বাণিজ্য, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেলা প্রশাসকরা। তাই তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমেই নতুন করদাতা শনাক্তকরণ এবং কর অনুবর্তিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।প্রধানমন্ত্রীর সফরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার - দৈনিক মানবজমিনের প্রধান খবর এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারো উন্মুক্ত হওয়ার আশা করছে বাংলাদেশ। আসছে ২১শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এ ছাড়াও দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতির আশা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ইতিবাচক বার্তার মধ্যে শ্রমবাজার খোলার সম্ভাবনা জোরালো হলেও সিন্ডিকেট নিয়ে উদ্বেগ কাটেনি। সংশ্লিষ্টরা বলছেন, সফরকালে শীর্ষ পর্যায়ের আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত এলে বাংলাদেশি কর্মীদের জন্য আবারো খুলে যেতে পারে বহুল কাঙ্ক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার। সীমান্তে কিলিং-পুশিংয়ে বাড়ছে ক্ষোভ - দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দ্বিচারি আচরণে নতুন করে প্রশ্নের সম্মুখীন ঢাকা-দিল্লির সম্পর্ক। একদিকে প্রতিনিয়ত বলা হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়; অন্যদিকে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয় মুসলিমদের প্রতিদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা করছে বিএসএফ। সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন, শুধু মুসলিম হওয়ার কারণে ভারত এমনটা করছে। যদিও কিছুদিন থেকে বিজিবি হার্ডলাইনে অবস্থান নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফের এমন অপচেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর সীমান্তে এমন প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে প্রায়ই সীমান্তে বাংলাদেশিদের হত্যা অব্যাহত রয়েছে। ভারত সরকারের এমন উদ্ভট আচরণে বাংলদেশের জনগণ ও সচেতন মহলে ক্রমেই ক্ষোভ-অসন্তোষ বাড়ছে। কোনো অবৈধ বসবাসকারী চিহ্নিত হলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া আছে।২ কোটি ভোটারের স্মার্ট এনআইডি পাওয়া নিয়ে অনিশ্চয়তা - দৈনিক মানবজমিনে প্রকাশিত আরেকটি সংবাদ এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, নাগরিকদের হাতে উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে ২০১১ সালে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের (ইসি) আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প। তবে ১৫ বছর পেরিয়েও প্রকল্পটি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০শে নভেম্বর। কিন্তু এখনো ২ কোটির বেশি ভোটার স্মার্ট এনআইডি কার্ড পাননি। নির্ধারিত সময়ে কার্ড দেয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বরং প্রকল্পের মেয়াদ ও ব্যয় আরও দুই বছর বাড়ানোর উদ্যোগ চলছে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার উদ্যোগে দৃশ্যমান সাফল্য না থাকলেও বিদেশ সফরের ব্যয় নিয়ে বাড়ছে সমালোচনা। বিচার দেখতে চায় ভুক্তভোগী সবাই - দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় প্রকাশিত খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার বিচার শেষে মামলার রায় হচ্ছে মাত্র ২০ দিনে। ক্ষোভ-বিক্ষোভে ফেটে পড়া মানুষ কিছুটা হলেও স্বস্তিতে এই ভেবে যে দেশে এ ধরনের নিষ্ঠুরতার দ্রুত বিচার সত্যি সত্যিই হচ্ছে। ঢাকার শিশু রামিসার মামলা দ্রুত বিচারের মুখ দেখলেও চট্টগ্রামের শিশু জান্নাতুল নাইমা ইরার মামলা কেন ঝুলে আছে, এই প্রশ্ন এখন সবার মনে। শুধু ইরা নয়, গত এক দশকে ধর্ষণের পর হত্যার শিকার তিন শতাধিক শিশুর পরিবারও এখন বিচার চায়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য ঘেঁটে দেখা গেছে, গত ১০ বছরে দেশে ছয় হাজারের বেশি শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বাস্তবে ঘটনা এর দ্বিগুণেরও বেশি।
Go to News Site