Collector
ভারতের বন্দিদশা থেকে দেশে ফিরলেন বগুড়ার ২৮ শ্রমিক | Collector
ভারতের বন্দিদশা থেকে দেশে ফিরলেন বগুড়ার ২৮ শ্রমিক
Jagonews24

ভারতের বন্দিদশা থেকে দেশে ফিরলেন বগুড়ার ২৮ শ্রমিক

জীবিকার তাগিদে ভারতে গিয়ে দীর্ঘ ১৭ মাস বন্দি থাকার পর দেশে ফিরেছেন বগুড়ার নন্দীগ্রামের ২৮ জন শ্রমিক। সম্প্রতি বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেন। শনিবার (৬ জুন) স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ এক স্ট্যাটাসে শ্রমিকদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি চারমাথা বাজারে ভারতফেরত ওই শ্রমিকদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তিনি তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের আপ্যায়ন করেন। তবে ফেরত আসা শ্রমিকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, কথিত দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে গিয়ে কাজের সন্ধানে নামেন বুড়ইল ইউনিয়নের কহুলী ও আশপাশের গ্রামের ওই ২৮ শ্রমিক। পরে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা গ্রেফতার হন। সেখানে ১৪ মাস কারাবন্দি থাকার পর তামিলনাড়ুর একটি আশ্রয়কেন্দ্রে আরও তিন মাস মানবেতর জীবন যাপন করেন তারা। বিষয়টি জানার পর তাদের উদ্ধার করে দেশে ফেরাতে গত ৪ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর দুটি আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন সংসদ সদস্য মোশারফ হোসেন। চিঠিতে তিনি বাংলাদেশি দূতাবাসসহ সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ ১৭ মাস পর তাঁরা মুক্তি পান। এ বিষয়ে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন নয়, মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়া। শ্রমিকরা ভারতে আটকে পড়ে মানবেতর জীবনযাপন করলেও তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। জানার পরপরই আমি সহযোগিতার হাত বাড়িয়েছি এবং তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এদিকে নিরাপদে দেশে ফিরতে পেরে ওই শ্রমিকেরা প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এল.বি/কেএইচকে/জেআইএম

Go to News Site