Somoy TV
ইসরাইলে ইরানের হামলার জবাব না দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধ মেনে নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। তবে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানানো হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয় বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আরও পড়ুন: তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত, আগামী কয়েক ঘণ্টা ‘গুরুত্বপূর্ণ’ এর মধ্যেই মার্কিন গণমাধ্যম জানায়, নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করার কথা জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইসরাইলি সাংবাদিক গিডিয়ন লেভি বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কোন দিকে মোড় নেবে, তা অনেকাংশে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানের ওপর। আল জাজিরাকে তিনি বলেন, ইসরাইলকে থামানোর ব্যাপারে তিনি (ট্রাম্প) কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটাই এখন মূল প্রশ্ন। আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকটপূর্ণ। লেভি আরও বলেন, বর্তমানে অঞ্চলটির সামনে দুটি সম্ভাবনা রয়েছে: একদিকে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়া, অন্যদিকে পূর্ণমাত্রার যুদ্ধে পুনরায় জড়িয়ে পড়া। আরও পড়ুন: ‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ! (ভিডিও) লেভির ভাষ্য, ‘প্রায় সবকিছুই ট্রাম্পের ওপর নির্ভর করছে। আমার মনে হয়, যদি ট্রাম্প দৃঢ় অবস্থান নেন এবং নির্দেশ অমান্য করলে পরিণতির বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা দেন, তাহলে নেতানিয়াহুর পক্ষে ট্রাম্পকে না বলা কঠিন হবে।’ তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
Go to News Site