Jagonews24
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক লাকী আখান্দের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার সুর করা দুটি গান। এর মধ্যে রয়েছে একটি অপ্রকাশিত গান এবং নতুন সংগীতায়োজনে তৈরি তার জনপ্রিয় একটি গানের নতুন সংস্করণ। প্রয়াত এই সংগীতগুরুকে স্মরণ করে প্রকাশ পেয়েছে ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটি। গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ এবং কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা লাকী আখান্দের এই সুর এবার প্রথমবারের মতো শ্রোতাদের সামনে এলো। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। এতে গিটার ও সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন আহনাফ খান অনিক এবং কি-বোর্ড বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ। একই সঙ্গে গানটির গীতিচিত্র প্রকাশ করা হয়েছে জয় শাহরিয়ার ও গান জানালার ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, লাকী আখান্দের সুরে গান গাওয়ার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ সম্মানের। তিনি মূল সুরের আবহ অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন বলেও জানান। অন্যদিকে গীতিকার গোলাম মোর্শেদ বলেন, লাকী আখান্দের সঙ্গে তার দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল। সেই সময়ের বেশ কিছু অপ্রকাশিত গান এখনও তার কাছে সংরক্ষিত রয়েছে। জয় শাহরিয়ারের আগ্রহের কারণেই গানটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে লাকী আখান্দের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় ব্যান্ড বাপ্পা মজুমদারের দলছুট নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছে তার বহুল জনপ্রিয় গান ‘এই নীল মণিহার’। ১৯৮৪ সালে প্রকাশিত লাকী আখান্দের প্রথম একক অ্যালবামে স্থান পাওয়া গানটি নতুনভাবে সাজিয়ে পরিবেশন করা হয়েছে। বাংলা গানের ইতিহাসে লাকী আখান্দের অবদান অনন্য। তার জন্মদিনে প্রকাশিত এই দুটি গান নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আবারও তাকে নতুনভাবে তুলে ধরবে বলেই মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা। এলআইএ
Go to News Site