Jagonews24
বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে দক্ষিণী সুপারস্টার রাম চরণ অভিনীত সিনেমা ‘পেড্ডি’। মুক্তির পর থেকেই ছবিটি আয় ও দর্শকপ্রিয়তার দিক থেকে একের পর এক রেকর্ড গড়ছে। এই সাফল্য উদযাপন করতে সম্প্রতি হায়দরাবাদে আয়োজন করা হয় জমকালো ‘সাকসেস মিট’। তবে অনুষ্ঠানে ছবির প্রধান অভিনেত্রী জাহ্নবী কাপুরের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। মজার বিষয় হলো, সিনেমা মুক্তির আগে প্রচারণার প্রায় সব আয়োজনে সক্রিয় ছিলেন জাহ্নবী। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত প্রচার কার্যক্রমে অংশ নিয়ে ছবির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর সবচেয়ে বড় উদযাপন অনুষ্ঠানে তাকে দেখা না যাওয়ায় নানা প্রশ্ন উঠেছে। সোমবার (৮ জুন) হায়দরাবাদে অনুষ্ঠিত ‘পেড্ডি’র সাকসেস মিটে উপস্থিত ছিলেন রাম চরণ, পরিচালক বুচি বাবু সানা, বর্ষীয়ান অভিনেতা জগপতি বাবুসহ ছবির প্রায় পুরো টিম। হাজারো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই আয়োজনে জাহ্নবীর অনুপস্থিতি ছিল সবচেয়ে আলোচিত বিষয়। মূলত সিনেমা মুক্তির পর থেকেই জাহ্নবীর কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। দর্শকদের একাংশের অভিযোগ, ছবিতে তার চরিত্রকে যথাযথ গুরুত্ব না দিয়ে অতিরিক্তভাবে ‘গ্ল্যামার এলিমেন্ট’ হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কয়েকটি দৃশ্যে নারী চরিত্রের উপস্থাপনাও প্রশ্নের মুখে পড়ে। এ নিয়ে নেটদুনিয়ায় বিতর্ক তীব্র হলে জাহ্নবীর পুরোনো কিছু বক্তব্যও নতুন করে আলোচনায় আসে। অতীতে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে সরব থাকা এই অভিনেত্রী এমন দৃশ্যে অভিনয় করলেন কেন-সেই প্রশ্নও তোলেন অনেক নেটিজেন। ক্রমবর্ধমান সমালোচনার মুখে পরে পরিচালক বুচি বাবু সানা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, অনেকেই ছবির গল্প ও চরিত্রের প্রেক্ষাপট না বুঝে মন্তব্য করছেন। একই সঙ্গে বিতর্কিত কিছু দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘পেড্ডি’ চরিত্রটি একটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যার মানসিকতা ও আচরণ গল্পের অগ্রগতির সঙ্গে পরিবর্তিত হয়। সেই যাত্রাটিই তিনি তুলে ধরতে চেয়েছেন। এদিকে সাকসেস মিটে বক্তব্য দিতে গিয়ে রাম চরণ দর্শক ও ভক্তদের ধন্যবাদ জানালেও পুরো অনুষ্ঠানে একবারও জাহ্নবী কাপুরের নাম উল্লেখ করেননি। বিষয়টি ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে অভিনেতা জগপতি বাবু সমালোচকদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, ‘যারা সিনেমাটিকে খারাপ রিভিউ দিয়েছেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।’ তার এই মন্তব্যও নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আরও পড়ুন ৪১ বছর বয়সে নতুন প্রেমের পরিণতি, বিয়ের গুঞ্জনে জেনিফার দেহরক্ষীদের বাধা পেরিয়ে রাম চরণের কাছে নারী ভক্ত, তারপর... উল্লেখ্য, ‘পেড্ডি’ মুক্তির আগে প্রচারণার প্রায় প্রতিটি ধাপে দেখা গেলেও সাফল্য উদযাপনের সবচেয়ে বড় আয়োজনে অনুপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর। তবে এর পেছনে প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি অভিনেত্রী কিংবা ছবির নির্মাতারা। ফলে জাহ্নবীর এই অনুপস্থিতি ঘিরে রহস্য ও জল্পনা আপাতত কাটছে না। এমএমএফ/এএসএম
Go to News Site