Jagonews24
নেত্রকোণার মদনে ছাত্রদল নেতা মিঠু মিয়ার সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনায় দুই কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় মিঠুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই কনস্টেবল হলেন- মদন থানায় কর্মরত মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। আটক মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী একটি বাসের যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে উপস্থিত হন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই কনস্টেবল আহত হন। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামে এক যুবক পুলিশ সদস্যদের উপর হামলা করে। তাকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, যাত্রীদের হয়রানির অভিযোগের পর শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর পরিবহনের ব্যবস্থা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে এক স্থানীয় যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ দেখছে। এইচ এম কামাল/এএইচ/জেআইএম
Go to News Site