Collector
নির্বাচন সময়মতো আয়োজনই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তামিম | Collector
নির্বাচন সময়মতো আয়োজনই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তামিম
Jagonews24

নির্বাচন সময়মতো আয়োজনই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তামিম

আগামীকাল হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রার্থীদের এক যৌথ অনুষ্ঠানের প্রশংসা করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার মতে, সব প্রার্থীকে এক ছাদের নিচে এনে নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরার সুযোগ করে দেওয়াটা ছিল একটি ইতিবাচক উদ্যোগ। শুক্রবার অনুষ্ঠান শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘এটা একটা ভালো উদ্যোগ। আমার মনে হয় প্রত্যেকটা প্রার্থী এটাকে সমর্থন করেছে। আমি আগেও বলেছিলাম, এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে। যখন সবার সঙ্গে কথা বলেছি, তখন সবাই মনে করেছে এটা খুব ভালো একটি উদ্যোগ হবে। এতে প্রার্থীদের নিজেদের বক্তব্য তুলে ধরার এবং ভোটারদের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।’ অনুষ্ঠানে সব প্রার্থীকে নিজেদের পরিকল্পনা ও ক্রিকেট নিয়ে ভাবনা প্রকাশের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি, ‘সবাই একসঙ্গে এক ছাদের নিচে এসে একটা ছোট আয়োজন করলাম। বিভিন্ন ইভেন্ট হয়েছে, সবাই বক্তব্য দিতে পেরেছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারা কী ভাবেন কিংবা নির্বাচিত হলে কী করতে চান, সেটা বলার সুযোগ পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে এটা খুবই ফলপ্রসূ একটি আয়োজন।’ অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন তামিম। তিনি এজন্য ক্রীড়া উপদেষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তামিম বলেন, ‘আমাদের স্পোর্টস মিনিস্টারকে ধন্যবাদ দিতে হয়। অ্যাডহক কমিটি গঠনের সময়ই আমরা বলেছিলাম, নির্বাচন আয়োজনই আমাদের প্রধান চ্যালেঞ্জ। উনিও বলেছিলেন, যত দ্রুত এবং যত স্বচ্ছভাবে নির্বাচন করা যায়, সেটাই ভালো। আপনারা দেখেছেন, নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আমরা নির্বাচন আয়োজন করতে পারছি। ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবে সম্পন্ন হলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।’ গত দেড়-দুই বছরে বাংলাদেশ ক্রিকেট নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে বলেও উল্লেখ করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘গত দেড়-দুই বছরে অনেক কিছু ঘটেছে। বিভিন্ন ইস্যু নিয়ে আমরা একটা অশান্ত সময় পার করেছি। আমি আশা করি, নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন, তারা একটি স্থিতিশীল বোর্ড গঠন করবেন এবং সেই বোর্ড বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’ এসকেডি/এমএমআর

Go to News Site