Collector
তুরিন আফরোজের বিরুদ্ধে ভাইয়ের করা মামলায় ‘শোন অ্যারেস্ট’ শুনানি | Collector
তুরিন আফরোজের বিরুদ্ধে ভাইয়ের করা মামলায় ‘শোন অ্যারেস্ট’ শুনানি
Jagonews24

তুরিন আফরোজের বিরুদ্ধে ভাইয়ের করা মামলায় ‘শোন অ্যারেস্ট’ শুনানি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে ‘শোন অ্যারেস্ট’ (কারাগারে থাকা অবস্থায় অন্য মামলায় গ্রেফতার দেখানো) সংক্রান্ত শুনানি হবে। শুনানির জন্য তাকে ঢাকা মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতের আসামি কাঠগড়ায় রাখা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে তোলা হয়। মামলাটি দায়ের করেছেন তুরিন আফরোজের আপন ভাই শাহ নেওয়াজ আহাম্মদ শিশির। মামলার তদন্ত সম্পন্ন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল মাহমুদ রায়হান। মামলার নথিপত্র ও বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, রাজধানীর উত্তরা এলাকায় পারিবারিক সম্পত্তির দখল ও জালিয়াতিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। বাদী শাহ নেওয়াজ আহাম্মদের অভিযোগ, অভিযুক্ত তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তাদের বাবা মারা যাওয়ার পর তুরিন আফরোজ জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেছেন। বাদীপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড একটি গুরুতর ফৌজদারি অপরাধের শামিল। এছাড়া অভিযোগ রয়েছে, তিনি প্রভাব খাটিয়ে অতর্কিতে বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলপত্র নিয়ে যান। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, তুরিন আফরোজ বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন, যার ফলে তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। নথিপত্রে বলা হয়েছে, বাদী দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। তদন্তকারী সংস্থা পিবিআই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল মাহমুদ রায়হান জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় আদালত মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করছেন। এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ শুনানির মাধ্যমে তুরিন আফরোজকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ আদালত নির্ধারণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমডিএএ/এমআইএইচএস

Go to News Site