Jagonews24
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ নতুন রূপে ফিরছে বড় পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত ছবিটি ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে এখন মুক্তির প্রস্তুতি চলছে। একসময় দর্শকের হৃদয় জয় করা ‘হঠাৎ বৃষ্টি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাদের অনবদ্য রসায়ন এবং হৃদয়ছোঁয়া গল্প ছবিটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। নতুন সংস্করণে সেই চরিত্রগুলোতে দেখা যাবে নবাগত অভিনেতা আরিয়ান ও অভিনেত্রী রাদিফাকে। এছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে। গল্পের মূল আবহ আগের মতো থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে দেওয়া হয়েছে এর প্রেক্ষাপট ও উপস্থাপনা। নতুন ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রযোজনায় রয়েছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। ‘হঠাৎ বৃষ্টি’র অন্যতম আকর্ষণ ছিল এর গান। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ এবং ‘সোনালি প্রান্তরে’র মতো জনপ্রিয় গানগুলো দর্শকের মনে এখনও জায়গা করে আছে। নতুন ছবিতে এসবের মধ্যে তিনটি গান নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে আরও দুটি নতুন গান। নির্মাতা কামরুজ্জামান জানিয়েছেন, সমসাময়িক দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এলআইএ
Go to News Site