Jagonews24
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে পোশাকখাতের চার উদ্যোক্তা জয়ী হয়েছেন। তারা হলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও ফ্যাশন ওয়াচের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান এবং আলফা প্যাটার্নসের পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরু। এই চারজনসহ বিসিবির নবনির্বাচিত সব পরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বিজিএমইএ। সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। আরও পড়ুন বিসিবি নির্বাচন / সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হারলেন পাপ্পু-আমজাদরা বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিশেষ বার্তায় পোশাকখাত থেকে নবনির্বাচিত পরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিসিবি নির্বাচনে তাদের এই গৌরবোজ্জ্বল জয় পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা যেভাবে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক তেমনিভাবে তারা তাদের সুদীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রিকেটপ্রেমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবেন।’ বিজিএমইএ নবনির্বাচিত সব বিসিবি পরিচালক এবং পুরো পর্ষদের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ইএইচটি/একিউএফ
Go to News Site