Collector
ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন যেসব মসলার ওপর | Collector
ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন যেসব মসলার ওপর
Jagonews24

ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন যেসব মসলার ওপর

ত্বক ভালো রাখতে আমরা অনেকেই নিয়মিত নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি। বাজারে ত্বকের যত্নের জন্য রয়েছে অসংখ্য ক্রিম, সিরাম, ফেসওয়াশ ও ফেসপ্যাক। কিন্তু সব প্রসাধনী যে ত্বকের জন্য সমান উপকারী, তা নয়। অনেক পণ্যে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকে জ্বালা, অ্যালার্জি, শুষ্কতা বা অন্যান্য চর্মরোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যত্নে সবসময় দামি প্রসাধনীর প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো ত্বকের পরিচর্যায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কিছু পরিচিত মসলা ও প্রাকৃতিক উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ব্রণ কমানো এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। লবঙ্গ ও অ্যালোভেরার ফেসপ্যাক লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, ত্বকের যত্নেও এটি বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও প্রদাহনাশক উপাদান, যা ত্বকের সংক্রমণ ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। এই প্যাক তৈরির জন্য এক চিমটি লবঙ্গ গুঁড়া এবং এক চা-চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। সময় হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বককে শীতল ও আর্দ্র রাখে, আর লবঙ্গ ত্বকের জীবাণুজনিত সমস্যা কমাতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক সতেজ ও প্রাণবন্ত দেখাতে পারে। হলুদ ও বেসনের প্যাক প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে হলুদের ব্যবহার চলে আসছে। হলুদে থাকা কারকিউমিন নামের উপাদান ত্বকের প্রদাহ কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। একটি পাত্রে আধা চা-চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ বেসন, এক চা-চামচ টকদই এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর মুখ, গলা কিংবা হাতে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের ময়লা দূর করতে, ব্রণের দাগ হালকা করতে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। জায়ফল ও মধুর ফেসপ্যাক জায়ফল একটি সুগন্ধি মসলা হলেও ত্বকের জন্য এর উপকারিতা কম নয়। এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের প্রদাহ ও ব্রণের প্রবণতা কমাতে সাহায্য করে। সামান্য মধু বা দুধের সঙ্গে অল্প জায়ফল গুঁড়া মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এই প্যাক উপকারী হতে পারে। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আর জায়ফল ত্বককে কোমল ও মসৃণ রাখতে সহায়তা করে। প্রাকৃতিক যত্নে সতর্কতাও জরুরি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেও সবার ত্বকের ধরন এক নয়। তাই কোনো নতুন উপাদান মুখে ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে অল্প পরিমাণে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো। এতে অ্যালার্জি বা সংবেদনশীলতার ঝুঁকি থাকলে আগে থেকেই বোঝা যাবে। এছাড়া ত্বকে ক্ষত, সংক্রমণ বা গুরুতর সমস্যা থাকলে ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ত্বকের যত্ন মানেই সবসময় দামি প্রসাধনী নয়। রান্নাঘরের সহজলভ্য কিছু মসলা ও প্রাকৃতিক উপাদানও ত্বকের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যেকোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে পরিমিতি ও সতর্কতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: হিন্দুস্তান টাইমস, মায়ো ক্লিনিক আরও পড়ুন গোসলের পানিতে এক চিমটি লবণে মিলতে পারে যেসব উপকার যেভাবে সিরাম ব্যবহার করলে পাবেন গ্লাস স্কিন এসএকেওয়াই

Go to News Site