Somoy TV
‘বিপজ্জনক মোড়’ নিয়েছে রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘাত। ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি এলাকাকে নিশানা করেছে মস্কো। একইসঙ্গে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন ও বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যেই, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলার ভয়াবহ প্রতিশোধ নিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গেল শনিবার রাত ও রোববার ভোরে ইউক্রেনজুড়ে আকাশপথে জোরাল হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি এলাকাকে নিশানা করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, চেরনোবিলের কাছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পুতিনবাহিনী। হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-আইএইএ। যদিও বিকিরণের মাত্রা স্বাভাবিক এবং সেখানে সংরক্ষিত জ্বালানি ক্ষতিগ্রস্ত না হওয়ার দাবি করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এনার্গোআটম। একইসঙ্গে, ইউক্রেনের বিভিন্ন শহরেও অব্যাহত রয়েছে রুশ হামলা। ঝাপোরিঝঝিয়া অঞ্চলে একটি বাসস্টপে গাইডেড বোমা হামলায় নিহত হয়েছেন কয়েকজন। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও ড্রোন ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন। আরও পড়ুন: জেলেনস্কির খোলা চিঠিকে ‘অভদ্র ও রূঢ়’ বললেন পুতিন ইউক্রেনের দাবি, এক রাতেই রাশিয়া ২৩৬টি ড্রোন হামলা চালিয়েছে, যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে। অন্যদিকে রাশিয়া বলছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের শেভচেঙ্কো বসতির দখল নিয়েছে এবং শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যেই লন্ডনে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে জেলেনস্কির। ইউরোপীয় এই মিত্ররা রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে কিয়েভ সফরে আসা রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মাধ্যমে পুতিনের কাছে সরাসরি বৈঠকের বার্তা পাঠিয়েছিলেন জেলেনস্কি। প্রস্তাবে যুদ্ধবিরতির সময় মুখোমুখি আলোচনার কথাও ছিল। তবে, বর্তমানে এমন বৈঠকের প্রয়োজনীয়তা নাকচ করছেন পুতিন।
Go to News Site